ইউএস ওপেনে রেকর্ড গড়ার পর জকোভিচ ভায়োলিন বাজালেন কার উদ্দেশ্যে

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১১:৫৮ এএম

নোভাক জকোভিচের জন্য ফ্লাশিং মিডোতে জয় শুধু একটি ম্যাচ নয়, বরং ব্যক্তিগত আনন্দ এবং পরিবারকে উৎসর্গ করার মুহূর্ত। বুধবার তিনি আমেরিকান কোয়ালিফায়ার জ্যাকারি স্ভাজদার বিপক্ষে প্রথম সেট হারার পরও পরের তিন সেটে (৬-৩, ৬-৩, ৬-১) সহজ জয় তুলে নেন। এই জয় দিয়ে ইউএস ওপেনের প্রথম ও দ্বিতীয় রাউন্ডে অপরাজেয় থাকার রেকর্ড ৩৬-০তে উন্নীত হলো তার।

জয়ের পর ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ী র‌্যাকেট দিয়ে বেহালা বাজানোর ভঙ্গি করে উদযাপন করেন। এর আগে তিনি জানিয়েছিলেন, “আমার মেয়ে তারা ছয় মাস ধরে ভায়োলিন বাজাচ্ছে, এবং আমরা ঠিক করেছি যে, আমি তার জন্য এমন উদযাপন করব।”

ম্যাচের শুরুটা কিছুটা ছন্দহীন ছিল। ২২ বছর বয়সী স্ভাজদা প্রথম সেট জিতে বিস্মিত হয়েছিলেন, “মুহূর্তটা উপভোগ করার চেষ্টা করছিলাম। বিশ্বাসই হচ্ছিল না।” কিন্তু পরে ক্র্যাম্পে ভুগতে ভুগতে হেরে যান।

এই ম্যাচ জয়ের পর জকোভিচের জন্য মাইলফলকগুলো ছিল উল্লেখযোগ্য— মেজর টুর্নামেন্টে প্রথম সেট হেরে সবচেয়ে বেশি ৫৪ ম্যাচ জিতলেন তিনি। ৭৫তমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের তৃতীয় রাউন্ডে পৌঁছালেন, ওপেন যুগে পুরুষদের মধ্যে যা সর্বোচ্চ। হার্ডকোর্টে গ্র্যান্ড স্ল্যামে জয়সংখ্যা ১৯১ এখন তার, যা রজার ফেদেরারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। ইউএস ওপেনে আমেরিকানদের বিপক্ষে রেকর্ড ১৫-০, ওপেন যুগে সেরা।

ম্যাচশেষে জকোভিচ বলেন, “খুব ভালো লাগেনি। টেনিসটা যেমন খেলার কথা, তেমন খেলতে পারিনি। ভেতরে ভেতরে হতাশা কাজ করেছে। প্রতিদিনই নিজেকে ও দলকে চাপ দিচ্ছি, যেন পরের ম্যাচে আরও ভালো করা যায়।”

তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ ব্রিটিশ বামহাতি ক্যামেরন নরি, যিনি এখনও পর্যন্ত জকোভিচের বিরুদ্ধে কোনো জয় পাননি।

পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে চমক দেখিয়েছেন বেলজিয়ামের ১০৭তম র‌্যাঙ্কধারী রাফায়েল কলিনিও, ১২ নম্বর বাছাই ক্যাসপার রুডকে হারিয়ে ইতিহাস গড়েছেন। এছাড়া বিদায় নিয়েছেন ১৮ নম্বর বাছাই আলেহান্দ্রো ফোকিনা ও ১৬ নম্বর বাছাই ইয়াকুব মেনসিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত