উচ্চশিক্ষার মানোন্নয়নে হিট প্রকল্পের ১৫১ উপ-প্রকল্পের চুক্তি স্বাক্ষর সম্পন্ন

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১২:৪৭ পিএম

হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় নির্বাচিত ১৫১টি উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য দেশের ৪৩টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে বুধবার (২৭ আগস্ট ২০২৫) অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং উপ-প্রকল্পপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রাররা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজীমউদ্দিন খান। এতে কমিশনের অন্যান্য সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান, প্রফেসর ড. মাছুমা হাবিব, প্রফেসর ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, বিশ্ব ব্যাংকের প্রাকটিস ম্যানেজার কেইকো ইনোউএ, লিড ইকোনোমিস্ট ও টেকনিক্যাল অ্যাডভাইজার টবি লিনডেন, টাস্ক টিম লিডার টিএম আসাদুজ্জামানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাব-প্রজেক্ট ম্যানেজার উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন।

হিট প্রকল্পের পরিচালক প্রফেসর ড. আসাদুজ্জামান উপ-প্রকল্প নির্বাচন প্রক্রিয়া ও বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ফায়েজ বলেন, ‘উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে হিটের উপ-প্রকল্প নির্বাচিত হয়েছে। আমি উপ-প্রকল্পপ্রাপ্ত শিক্ষক ও গবেষকদের সততা ও নিষ্ঠার সঙ্গে লক্ষ্যমাত্রা অর্জনের আহ্বান জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডিন এবং সংশ্লিষ্ট অংশীজনদের সহযোগিতা নিশ্চিত করার জন্যও পরামর্শ দিচ্ছি।’

প্রফেসর তানজীমউদ্দিন খান প্রকল্পপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘প্রকল্পের সকল কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য শিক্ষক ও গবেষকদের সম্পৃক্ত হতে হবে। গত এক বছরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রকল্পের অর্থ জনগণের কর ও বিশ্বব্যাংক ঋণের মাধ্যমে আসছে, তাই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে ইউজিসি’র পরিচালকসহ বিশ্ববিদ্যালয়, বিশ্বব্যাংক এবং হিট প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হিট প্রকল্পের অধীনে উপ-প্রকল্প বাস্তবায়নের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে প্রস্তাব আহ্বান করা হয়। মোট ১৪৮১টি উপ-প্রকল্প প্রস্তাব জমা পড়ার মধ্যে যাচাই-বাছাই শেষে ১৫১টি চূড়ান্তভাবে নির্বাচিত হয়।

দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে পাঁচ বছর মেয়াদি (২০২৩-২০২৮) হিট প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ১৬ কোটি ৫৭ লাখ টাকা। শিক্ষা মন্ত্রণালয়াধীন এই প্রকল্পটি ইউজিসি বাস্তবায়ন করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত