জুলাইয়ে বিদেশি ঋণপ্রাপ্তির দ্বিগুণ পরিশোধ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৭:৫৯ এএম

চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশে যে পরিমাণ বিদেশি ঋণ এসেছে, তার চেয়ে দ্বিগুণ পরিশোধ করেছে সরকার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের হিসাব মতে, জুলাই মাসে সরকার আসল বাবদ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ৩২৭ দশমিক ৭২ মিলিয়ন ডলার। একই সময়ে সুদ পরিশোধ করেছে ১১৮ দশমিক ৯৬ মিলিয়ন ডলার। সব মিলিয়ে পরিশোধ করা হয়েছে ৪৪৬ দশমিক ৬৮ বা ৪৪ কোটি ৬৬ লাখ ৮০ হাজার ডলার। একই সময় সরকার বিদেশি ঋণ ও অনুদান এসেছে ২০২ দশমিক ৪৪ মিলিয়ন বা ২০ কোটি ২৪ লাখ ৪০ হাজার ডলার। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইআরডির কর্মকর্তারা জানান, ‘বাংলাদেশ বিগত সময়ে বড় বড় ঋণ নিয়েছে। এর অনেক ঋণের শর্ত কঠিন ছিল। পরিশোধের সময় কম, আবার সুদের হারও বেশি। এর মধ্যে বেশ কিছু ঋণের গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে। এ কারণে ঋণ পরিশোধ বেড়েছে এবং আগামীতে ক্রমান্বয়ে আরও বেড়ে যাবে। অর্থবছরের শেষে বৈদেশিক ঋণের পরিশোধ প্রায় ৫ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। গত অর্থবছরে বাংলাদেশ বৈদেশিক ঋণের আসল ও সুদ মিলিয়ে ৪ দশমিক শূন্য ৮৬ বিলিয়ন ডলার পরিশোধ করেছিল।

জুলাই মাসের হিসাবে স্থানীয় মুদ্রায় ঋণ পরিশোধ প্রায় এক হাজার কোটি টাকা বেড়েছে। মোট পরিশোধ করা হয়েছে ৫ হাজার ৪৪৭ কোটি টাকা। আগের বছর জুলাইয়ে এর পরিমাণ ছিল ৪ হাজার ৫৪৮ কোটি টাকা। জুলাই মাসে বিদেশি ঋণের প্রতিশ্রুতি পাওয়া গেছে মাত্র ৮ কোটি ডলারের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত