গাজীপুরের শ্রীপুরে বাড়ির অদূরে ঝোঁপের ভিতরে মাটিতে পুতা ছিল নারীর মরদেহ। তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ৭ ঘণ্টা পর ঝোঁপের ভিতর থেকে মিলল ওই নারীর মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
পুলিশের ধারণা, পারিবারিক কোনো কলহের জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। লাশ মর্গে পাঠানো হয়েছে।
আজ শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের পুরাতন তালতলা এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই নারী নাম কমলা খাতুন (৫৫)। তিনি ভূতুলিয়া গ্রামের কদম আলীর স্ত্রী।
স্বজনরা জানান সকালে কমলা খাতুন বাড়ির পাশে তাল কুড়াতে যান। মাঝে মধ্যেই তিনি সময় পেলে সকালে তাল কুড়াতে যেতেন। আজও তাল আনতে গিয়ে নিখোঁজ হন। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে বাড়ির অদূরে তালতলা এলাকায় মাটি খোঁড়া দেখে সন্দেহ হয়। এ সময় মাটিতে পুতা অবস্থায় কমলার মরদেহ চোখে পড়ে। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করেন।
নিহতের স্বামী কদম আলী জানান প্রতিদিনের মত সকালে ঘুম ভাঙার পর কাজে যাই আজও। দুপুরে বাড়িতে এসে শুনি তাকে (কমলা খাতুন) খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির অদূরে একটি ঝোঁপের ভিতরে মাটি খুঁড়া অবস্থায় দেখে আর মাটিতে কাপড় দেখে সন্দেহ হয়। পরে মাটি খুঁড়ে তার লাশ খুঁজে পাই। তিনি বলেন, কারও সাথে আমাদের কোনো শত্রুতা নাই। তবুও এমন ঘটনা ঘটল মানতে পারছিনা।
শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আবদুল বারিক জানান, পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নানা দিক সামনে রেখে পুলিশ বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করছে। আশা করি দ্রুত এ খুনের রহস্য খুলে যাবে। ময়না তদন্তের জন্য মরদেহ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
