তাল কুড়ানো নিয়ে দ্বন্দ্ব: চাচিকে খুন করে মাটিতে পুঁতে রাখে ঘাতক

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৪:৫১ পিএম

গাজীপুরের শ্রীপুরে ঝোঁপের ভিতরে মাটিতে পোঁতা ছিল নারীর গলাকাটা মরদেহ। মাটির নিচ থেকে হালকা করে ভেসে উঠেছিল তার পরা কাপড়। সকালে তাল কুড়াতে গিয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের ৭ ঘণ্টা পর বাড়ির অদূরে ঝোঁপের ভেতর থেকে মেলে তার মরদেহ। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

এদিকে তাল কুড়ানো নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে ক্ষীপ্ত হয়ে প্রতিবেশী চাচিকে হাতুরি দিয়ে পিটিয়ে খুন করেন তার এক ভাতিজা। পরে ঝোঁপঝাড়ে মাটি খুঁড়ে মরদেহ পুঁতে রাখা হয়। এ ঘটনায় ঘাতক ভাতিজাকে ঘটনার একদিন পর আজ শনিবার পুলিশ গ্রেপ্তার করেছে। কোদাল ও হাতুর জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার গাজীপুর ইউনিয়নের ভুতুলিয়া গ্রামের পুরাতন তালতলা এলাকা থেকে নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত নারীর নাম কমলা খাতুন (৫০)। তিনি ভূতুলিয়া গ্রামে মো. কদম আলীর স্ত্রী।

এদিকে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া ভাতিজার নাম আশিক মোড়ল (২৪)। তিনি একই গ্রামের আবদুল হামিদ মোড়লের ছেলে। আজ সকালে (৩০ আগস্ট) তার অসংলগ্ন আচরণ ও কথাবাতায় সন্দেহ হলে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে খুনের ঘটনা স্বীকার করেন।

এ ঘটনায় নিহতের স্বামী কদম আলী বাদী হয়ে শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের স্বজনরা জানান, সকালে (শুক্রবার) কমলা খাতুন বাড়ির পাশে তাল কুড়াতে যান। মাঝে মধ্যেই তিনি সময় পেলে সকালে তাল কুড়াতে যেতেন। আজও তাল আনতে গিয়ে নিখোঁজ হন। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়ি ফির ছিলেন না। এ নিয়ে পরিবারে উৎকণ্ঠা তৈরি হয়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে দুপুরে বাড়ির অদূরে তালতলা এলাকায় মাটি খোঁড়া দেখে সন্দেহ হয়। এ সময় মাটিতে পোঁতা অবস্থায় কমলার মরদেহ চোখে পড়ে। বেশ কিছু কাপড়ের অংশ মাটির ওপরে ভেসে ছিল। পরে নিশ্চিত হওয়া যায় এটি কমলা খাতুনের মরদেহ। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে।

মামলার তদন্ত কর্মকর্তা শ্রীপুর মডেল থানার এসআই রঞ্জন কুমার ভৌমিক জানান, সকাল থেকে আশিককে সন্দেহ হলে লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করলে তিনি খুনের বিস্তারিত পুলিশকে বলেন।

শ্রীপুর মডেল থানার ওসি মহাম্মদ আবদুল বারিক জানান, বাড়ির অদূরে মাটিতে পুঁতে রাখা অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন ওই ব্যক্তি। বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত