নেত্রকোনায় মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৫:২০ পিএম

নেত্রকোনায় বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে সম্রাট নামের (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়ার পর স্বজনরা তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজ শনিবার সকালে নেত্রকোনা পৌর শহরের চকপাড়া এলাকায় ধলাই নদীতে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি ঘটে। খবর পেয়ে মডেল থালার পুলিশ গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে।

পুলিশ, স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট চকপাড়া এলাকার হোসেন আলীর ছেলে। পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।

সকালে স্ত্রী বন্যাকে ভাত দেওয়ার কথা বলে বাড়ির পেছনে বরশি দিয়ে মাছ ধরতে যান। পরে ভাত খেতে না আসায় খুঁজতে গিয়ে লুঙ্গি পানিতে ভাসতে দেখেন স্ত্রী।

এরপর খবর পেয়ে স্বজন ও এলাকাবাসীরা গিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্বজনরা জানায় সম্রাটের মৃগী রোগ ছিলো যে কারণে তারা পানিতে যেতে নিষেধ করতেন।

মডেল থানার পুলিশের উপ পরিদর্শক প্রভাস চন্দ্র দাস জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত