চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ছিন্নমুল এলাকায় দেশীয় অস্ত্র তৈরির কারখানায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ চারজনকে আটক করা হয়েছে। আজ শনিবার ভোর রাত থেকে দুপুর ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্র জানিয়েছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও সীতাকুণ্ড মডেল থানার একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায়। উক্ত কারখানা হতে চারজন সন্ত্রাসীসহ ৬টি দেশীয় অস্ত্র, খালি কার্তুজ ৩৫ রাউন্ড, তাজা কার্তুজ ৫ রাউন্ড, চাইনিজ কুড়াল ১টি, ছুরি ২০টি, ওয়াকিটকি চার্জারসহ ২টি, মেগাফোন ১টি, প্যারাসু্ট ফ্লেয়ার ৪টি এবং অন্যান্য অস্ত্র তৈরীর সরঞ্জামাদি ও যন্ত্রপাতিসহ সর্বমোট ২৯ ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
আসামিরা হলেন আমিনুল ইসলাম (৪০), মোহাম্মদ রুমন (২১), মো. আশিক (৩৬) ও কামরুল হাসান রিদওয়ান (২৯)। এর মধ্যে আশিক ও কামরুল হাসান রিদওয়ানের বাড়ি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আমিনুল ইসলামের বাড়ি নোয়াখালীর হাতিয়ায় এবং রুমনের বাড়ি কক্সবাজারের মহেশখালী।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মজিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ তাদেরকে আটক করা হয়। আসামিদের অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে। অভিযানের খবর পেয়ে তাদের আরো কয়েকজন সহযোগী পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
