বৈষম্যবিরোধী আন্দোলন

কুমিল্লায় হত্যা মামলায় উপজেলা চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারীসহ গ্রেপ্তার-৩

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৮:১৮ পিএম

কুমিল্লার নাঙ্গলকোটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিলন হত্যা মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া তিনজন হলেন—নাঙ্গলকোট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুউদ্দিন কালুর ব্যক্তিগত সহকারী ও পৌর সদরের শ্রীকামতা গ্রামের বাসিন্দা শাহ আলম ওরফে ছোট আলম (৩৫), গোত্রশাল গ্রামের শামসুল আলম (৪৫) এবং একই গ্রামের আনোয়ার হোসেন ওরফে ভুট্টু (৩০)।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনের সময় নাঙ্গলকোট রেলস্টেশন এলাকায় গোত্রশাল গ্রামের যুবক মিলন আওয়ামী লীগের হামলার স্বীকার হন। পরে আহত অবস্থায় তাকে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় তার পিতা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলাটি বর্তমানে পুলিশ তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত