যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে প্রকাশ্যে আশরাফুল ইসলাম (৪০) নামে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে স্থানীয় আতাউরের ঝাল-মুড়ির দোকানের সামনে এ ঘটনা ঘটে।
এসময় শাহীন তারেক (৪০) নামে এক জন আহত হন। তাকে ওই রাতে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করেন চিকিৎসকরা।
নিহত আশরাফুল ইসলাম চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের মৃত আজহার আলী মাস্টারের ছেলে। তিনি মোবারকপুর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম স্থানীয় আতাউরের ঝাল মুড়ির দোকানে বসে ছিলেন। এসময় দুর্বৃত্তরা হঠাৎ এসে তাকে উপুর্যুপরি ছুরিকাঘাত করে। বুকে ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসময় সেখানে উপস্থিত শাহীন তারেক নামে এক জন তাকে রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাকে স্থানীয়রা দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
জেনারেল হাসপাতালের চিকিৎসক গালিব হোসেন জানান, শাহীন তারেককে রাত ৯টা ৪০ মিনিটে হাসাপাতালে আনা হয়। তিনি পিঠে ছুরিকাহত হয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়। স্বজনরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন তাৎক্ষণিক।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন জানান, পূর্ব শত্রুতার কারণে আশরাফুল খুন হয়েছেন বলে তার ধারণা। এর আগেও কয়েকবার তার ওপর হামলার চেষ্টা করা হয়েছিল বলে তিনি জানান।
ওসি বাবলুর রহমান আরও জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মরদেহ থানায় নেওয়া হয়েছে।
