গ্রেপ্তারের পর কারাগারে আমুর এপিএস

  • আছে দুর্নীতির নানা অভিযোগ
  • প্রভাব বিস্তারে অঢেল সম্পদ
  • এলাকায় আছে বিশাল বাহিনী 
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি আবুল কালাম আজাদকে মঙ্গলবার রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী (পিএস) ছিলেন।

আজাদের বিরুদ্ধে রয়েছে ব্যপক দুর্নীতির অভিযোগও। আজাদ ঝালকাঠি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন বলেও জানা গেছে। গত ১৬ বছর ধরে প্রভাব খাটিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন। গ্রামের বাড়ি ঝালকাঠি ও ঢাকার বিভিন্ন স্থানে সহায় সম্পত্তি করেছেন। তাছাড়া এলাকায় আছে বিশাল বাহিনী। আমুর আদোপ্রান্ত ছিল আজাদের নিয়ন্ত্রণে।

আজ রবিবার বিকেলে আজাদের গ্রেপ্তারের বিষয়টি জানতে চাইলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা দেশ রূপান্তরকে বলেন, গ্রেপ্তার আবুল কালাম আজাদ তালুকদা জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় এজাহারনামীয় আসামি। তিনি আগে কি ছিলেন বা কি করছেন সে বিষয়ে আমার জানা নেই। এজাহারনামীয় আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হলে কারাগারে সোপর্দ করেন।

জানা গেছে, আজাদ তালুকদার ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের নিজ গালুয়া গ্রামের মৃত হারুন তালুকদারের ছেলে। ২০১৪ সালে সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুর ব্যক্তিগত সহকারী হিসাবে যোগ দেন আজাদ। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দুর্নীতির মাধ্যেমে গড়েছে কোটি কোটি টাকার সম্পদ। এলাকাবাসীর পক্ষ থেকে করা হয়েছে দুদকে অভিযোগও।

দুদকের অভিযোগে দেখা গেছে, মোহাম্মদপুর বসিলায় অবৈধভাবে ‘সওদাগর কুরিয়ার সার্ভিস’ প্রতিষ্ঠান স্থাপন করেছেন। যারা ২০০+ শাখার রয়েছে সারাদেশে। ধানমন্ডিতে একাধিক ফ্ল্যাট, প্লট, নামে-বেনামে জমি এবং গ্রামে কোটি টাকার রাজপ্রাসাদ বাড়ি তৈরি করেছেন। সরকার-বেসরকারি বিভিন্ন নিয়োগ বাণিজ্যর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কথা বললে পেটোয়া বাহিনী দিয়ে হামলা ও মিথ্যা মামলা করতেন আজাদ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানী ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, আমুর ব্যক্তিগত সহকারী হওয়ার পর থেকেই আজাদের ভাগ্য বদলাতে থাকে। আমুর প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন। ঝালকাঠির সব ঠিকাদারির কাজ হতো তার ইশারায়। এলাকায় ভয়ের রাজত্ব সৃষ্টি করে অবৈধ কার্মকাণ্ডে লিপ্ত ছিলেন আজাদ। এলাকাবাসী তার কঠোর বিচারের দাবি করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত