ফের আগারগাঁও ব্লকেড শেকৃবি শিক্ষার্থীদের, যানজটে ভোগান্তি

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৬ এএম

কৃষিবিদ ঐক্য পরিষদ কর্তৃক ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফের আগারগাঁও ব্লকেড করে বিক্ষোভ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ডিপ্লোমাধারীদের দাবি অযৌক্তিক আখ্যা দিয়ে তাদের দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

গতকাল রবিবার বিকেলে কৃষিবিদ ঐক্য পরিষদের পূর্বঘোষিত এগ্রি ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে এই ব্লকেড দেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। এতে আগারগাঁও এলাকায় তীব্র যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। এর আগে, গত বৃহস্পতিবার একই দাবিতে ব্লকেড কর্মসূচি পালন করেছিলেন তারা।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিকেল ৫টার দিকে ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আগারগাঁও অভিমুখে বের হন শিক্ষার্থীরা। এ সময় তারা বিভিন্ন সেøাগান দেয় এবং পরে আগারগাঁও মোড়ে ব্লকেড দেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে দশম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করা, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত নবম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ না রাখা এবং কৃষি বা কৃষিসংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত