ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১১ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে প্রেমিকা কবিতা (১৭) নামের এক কিশোরী দুই দিন ধরে অনশন করছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা যায়, ভূঞাপুর উপজেলার বামনহাটা গ্রামের শামীম শেখের ছেলে রিফাত ও একই এলাকার কবিতার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা একই স্কুলে পড়াশোনার সুবাদে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়ে। সময়ের সাথে সাথে সম্পর্ক গভীর হয় এবং তারা একে অপরকে বিয়ের প্রতিশ্রুতিও দেন। তবে সম্প্রতি কবিতার পরিবার অন্যত্র বিয়ের কথাবার্তা শুরু করলে বিষয়টি জটিল হয়ে ওঠে।

এ অবস্থায় রবিবার (৩১ আগস্ট) সকালে কবিতা প্রেমিক রিফাতের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন তাকে বুঝিয়ে বাড়ি ফিরিয়ে দিলেও বিকেলে আবারও তিনি প্রেমিকের বাড়িতে ফিরে এসে অনশন শুরু করেন।

অনশনরত কবিতা জানান, আমরা ২ বছর ৭ মাস ধরে একে অপরকে ভালোবাসি। আমি বিয়ের দাবিতেই রিফাতের বাড়িতে এসেছি। বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখানেই অনশন চালিয়ে যাবো।

রিফাতের চাচা মুক্তার হোসেন বলেন, রিফাতের বাবা বর্তমানে বাড়িতে নেই। এ বিষয়ে কবিতার পরিবারকে ডেকে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত