ডাকসু নির্বাচন হচ্ছে, হাইকোর্টের আদেশ চেম্বার আদালতে স্থগিত

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে এ আদেশ দেন চেম্বার বিচারপতি। এতে ৯ সেপ্টেম্বর নির্বাচনে আর কোনও বাধা থাকল না। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি নিয়ে সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ ডাকসু নির্বাচন স্থগিত করে আদেশ দেন। সেইসঙ্গে এ নির্বাচনের প্রক্রিয়া নিয়ে রুলও জারি করেন।

এদিন দুপুর ২টা ৩০ মিনিটের হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারকরা এজলাসে ওঠেন। বিভিন্ন মামলার ম্যানশন শুনানির পর দুপুর ২টা ৪০ মিনিট থেকে এ রিটের শুনানি শুরু হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া শুনানি করেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

উভয় পক্ষের শুনানি শেষে বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে হাইকোর্ট আদেশ দেন। নির্দেশনায় ডাকসু নির্বাচনের প্রক্রিয়া ও চূড়ান্ত ভোটার তালিকার কার্যক্রম স্থগিত করেছিলেন হাইকোর্ট। এরপর ব্রিফিং করে সাংবাদিকদের জানানো হয় এই আদেশের বিরুদ্ধে আপিল আবেদন করা হবে। এরপর হাতে লিখে আবেদন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করে আদেশ দেন আপিল বিভাগের চেম্বার আদালত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত