মধ্যপাড়া খনিতে ফের পাথর উত্তোলন শুরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৫ পিএম

বিস্ফোরকের অভাবে চারদিন ধরে উৎপাদন ও উন্নয়ন কাজ বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র কঠিন শিলা খনি মধ্যপাড়া গ্রানাইট মাইনিং খনিতে আবারও পাথর উত্তোলন শুরু হয়েছে।

আজ সোমবার (১ সেপ্টেম্বর) সকালে খনিতে পাথর উত্তোলন কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন।

সকালে খনিতে পাথর উত্তোলনের জন্য অত্যাবশ্যকীয় উপাদান বিস্ফোরক এসে পৌঁছালে, প্রথম শিফট থেকেই পুরোদমে উত্তোলন কার্যক্রম শুরু হয়। এতে খনিতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসে।

এর আগে, প্রয়োজনীয় বিস্ফোরকের সরবরাহ না থাকায় গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল থেকে খনিটির পাথর উত্তোলন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে খনিতে রক্ষণাবেক্ষণমূলক কাজ চলমান ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত