নোয়াখালীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২১ পিএম

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানে নোয়াখালীতে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫। নোয়াখালী জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ যৌথভাবে এই আয়োজন করে। নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ ও পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল ফারুক।

জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে এ মেলার আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী মেলার উদ্বোধন উপলক্ষে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা, বৃক্ষরোপণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ৭৪ জন অংশীজনদের মাঝে ১৮ লক্ষ ৭২ হাজার ৬৯০ টাকার চেক বিতরণের আয়োজন করা হয়। মেলার ২৪ টি স্টলে কয়েক হাজার দেশি-বিদেশি ফলদ, বনজ ও ভেষজ চারা প্রদর্শনী ও বিক্রির জন্য রয়েছে।

উদ্বোধনকালে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ বলেন, বৃক্ষরোপণ পৃথিবীর পরিবেশগত ভারসাম্য রক্ষা, বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি, ভূমি ক্ষয় রোধ, বন্যা ও খরা প্রতিরোধ এবং মানব ও প্রাণীকুলের জন্য খাদ্য, আশ্রয় ও জ্বালানি সরবরাহসহ জীবনধারণের জন্য অপরিহার্য।

এসময় উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ বলেন, পৃথিবীতে যতগুলো ভালোকাজ টিকে আছে সেগুলোর মধ্যে বৃক্ষরোপণ অন্যতম একটি। শুধু মানুষ নয় বরং সমগ্র জীবজগতের অস্তিত্ব টিকিয়ে রাখতে অক্সিজেন ও কার্বন-ডাই অক্সাইড গ্রহণ ও নিঃসরণের যে চক্র তা নিয়ন্ত্রণ করে গাছপালা, বৃক্ষ-তরুলতা। পরিবেশের ভারসাম্য রক্ষায়, পৃথিবীকে বাসযোগ্য রাখতে কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে পরিবেশ-প্রকৃতিকে রক্ষা করতে বৃক্ষ প্রাকৃতিক ঢাল হিসেবে ব্যবহৃত হয়। এই যে তীব্র গরমে নাভিশ্বাস অবস্থা, সূর্যের তাপে মানুষ পুড়ছে-এর পেছনেও বৃক্ষ সংকটের ভূমিকা অনস্বীকার্য।

এসময় উপস্থিত ছিলেন উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, সহকারী বন সংরক্ষক এ কে এম আরিফ উজ জামান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত