চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কাটা পাহাড় রাস্তা দিয়ে শহীদ মিনার চত্বর ঘুরে জিরো পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শিবিরের প্রচার সম্পাদক ইসহাক ভূঁইয়া বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনা ঘটার ৪৪ ঘণ্টার পর মামলা করতে যাচ্ছে। আমি মনে করি প্রশাসনের মামলা করতে ৪৪ ঘন্টা লাগে তাহলে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে ৪৪ বছর লেগে যাবে। প্রশাসনকে আরও সতর্ক হতে হবে। প্রশাসনকে শিক্ষার্থীবান্ধব হতে হবে । যারা ফুটেজ খাওয়ার জন্য শিক্ষার্থীদেরকে আন্দোলনে নিয়ে গিয়ে মাইর খাওয়াইছে সে বিষয় তদন্ত কমিটি গঠন করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, যে শিক্ষার্থীরা জোবরা গ্রামের কোন পথ-ঘাট চিনে না, অচেনা জায়গায় নিয়ে ছেড়ে দিয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে তাদের শনাক্ত করে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে।
চবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আলী বলেন, জোবরার যে সন্ত্রাসীরা মর্মান্তিক হামলা করেছে তাদেরকে শনাক্ত করার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
