রাজধানীর উত্তরা জসিম উদ্দিন রোডে পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মোটরসাইকেল আরোহী।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে জসিম উদ্দিন রোডের ফ্লাইওভারের কাছে এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা হৃদয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক সকাল সোয়া ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা রাজিব হোসেন বলেন, ভোরে তিনি নিজে ময়মনসিংহ যাওয়ার উদ্দেশ্যে জসিম উদ্দিন রোডে যান। তখন দেখেন ফ্লাইওভারের কাছে পিকআপ ভ্যান, সিএনজি অটোরিকশা আইল্যান্ডের উপর উঠে আছে মোটরসাইকেল চালক আহত হয়ে রাস্তায় পড়ে আছেন। তখন অন্য একটি অটোরিকশায় করে ওই যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নিহত হৃদয়ের চাচাতো ভাই তামজিদুল ইসলাম বলেন, তাদের বাড়ি নওগাঁর সদর উপজেলার খাস নওগাঁ ইসলামপুর গ্রামে। হৃদয় গাজীপুর টঙ্গীতে থাকতেন। একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি কাজ করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
