ডাকসু নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল শুনানি শুরু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্থগিতাদেশের বিরুদ্ধে করা আবেদনের ওপর আপিল বিভাগের শুনানি শুরু হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বেঞ্চে শুনানি পরিচালিত হচ্ছে। বেঞ্চের অন্য বিচারপতিদের মধ্যে আছেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম এমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পক্ষে শুনানি পরিচালনা করছেন আইনজীবী শিশির মনির।

এর আগে, ১ সেপ্টেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ নির্বাচন প্রক্রিয়া ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে রুলসহ আদেশ দেন। একইদিন বিকেলে ঢাবি উপাচার্য চেম্বার জজের কাছে হাতের লেখা আবেদনের মাধ্যমে হাইকোর্টের আদেশের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। এরপর চেম্বার আদালত এ স্থগিতাদেশ মঞ্জুর করে। মঙ্গলবার ঢাবি উপাচার্য সিভিল মিসলিনিয়াস পিটিশন (সিএমপি) দাখিল করেন, যা চেম্বার আদালতের কার্যতালিকায় উঠে। চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব বুধবার নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করেন।

ডাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেল থেকে প্রার্থী এস এম ফরহাদের বৈধতা চ্যালেঞ্জ করে বামজোট মনোনীত প্যানেলের প্রার্থী বিএম ফাহমিদা আলম রিট দায়ের করেন। রিটে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে ফরহাদ ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তারপরও তিনি ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে প্রার্থী হয়েছেন, যা তার প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নির্বাচনের ভোটগ্রহণের দিন ধার্য ৯ সেপ্টেম্বর। সহ-সভাপতি পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ২৫ জন এবং সদস্য পদে ২১৭ জনসহ মোট ৪৭১ জন প্রার্থী ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরহাদ ও ভিপি প্রার্থী সাদিক কায়েম মূল প্রতিদ্বন্দ্বী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত