বিমানের ট্যাংক ফুটো, জাতীয় ফুটবল দলকেও পাত্তা দিচ্ছে না বিমান কর্তৃপক্ষ!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৭ পিএম

বিমানের ট্যাংক ফুটো হয়ে যাওয়ায় জাতীয় ফুটবল দলকে নিয়ে নেপালগামী ফ্লাইট বাতিল হয়েছে। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলতে আজ বাংলাদেশ বিমানযোগে কাঠমান্ডু যাওয়ার কথা জাতীয় ফুটবল দলের। বিমানের বিজি ৩৭১ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাঠমান্ডুর উদ্দেশ্যে ছাড়ার কথা ছিল বুধবার দুপুর দেড়টায়। কিন্তু যথাসাময়ে সেটা ছেড়ে যায়নি।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ১:৩০ টার পরিবর্তে এই ফ্লাইটের নতুন ছাড়ার সময় নির্ধারিত হয়েছে সন্ধ্যা সাতটায়। এদিকে জাতীয় দলের সকল ফুটবলার ও কোচিং স্টাফরা নির্ধারিত সময়ের আগেই ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বিমানে উঠার অপেক্ষায় ছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তারা পড়েছেন চরম ভোগান্তিতে। দীর্ঘসময় তাদের বিমানবন্দরে বসে থাকা ছাড়া উপায় নেই।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই দীর্ঘ সময় অপেক্ষায় থাকা খেলোয়াড়দের জন্য কোনো বিশেষ ব্যবস্থাও করেনি বিমান কর্তৃপক্ষ। এ বিষয়ে এ বিষয়ে বিমানের স্টেশন ম্যানেজার নাজমুল ইমামের বক্তব্য চাওয়া হলে তিনি বলেন, ‘টেকনিক্যাল সমস্যার কারণে ফ্লাইটের রিশিডিউল করা হয়েছে। এটা সন্ধ্যা ৭টায় যাবে। সবার (খেলোয়াড় ও কর্মকর্তা) জন্য লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে।’

 জাতীয় দলের খেলোয়াড়দের বিশ্রামের জন্য কোনো হোটেল ব্যবস্থা করা হয়েছে কিনা- এমন প্রশ্নে তার জবাব, ‘না, এরকম কোনো ব্যবস্থা নেই। ঊর্ধ্বতনদের সাথে কথা বলেছি।’

জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান দেশ রূপান্তরকে বলেন, ‘যেহেতু আমাদের সব আগে থেকে সেট করা ছিল, তাই আমরা তাদেরকে বলছি, এমনটা তো হতে পারে না। এখানে বসার কোনো জায়গা নাই, খাওয়া-দাওয়ার ব্যবস্থা নাই, খেলোয়াড়েরা কী করবে? সবকিছু মিলে একটা দুর্ভোগের মধ্যে পড়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত