বিশ্বকাপ বাছাইপর্বে দর্শকদের বর্ণবাদী আচরণের দায়ে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আলবেনিয়াসহ ছয়টি দেশকে বড় অঙ্কের জরিমানা করেছে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শৃঙ্খলাবিষয়ক কমিটি প্রকাশিত তালিকা অনুযায়ী, এই দুই দেশ ছাড়া আরও শাস্তি পেয়েছে চিলি, কলম্বিয়া, সার্বিয়া ও বসনিয়া-হার্জেগোভিনা।
সবচেয়ে বেশি জরিমানার কবলে পড়েছে আলবেনিয়া। গত ৭ জুন সার্বিয়ার বিপক্ষে ঘরের মাঠে ম্যাচে একাধিক বর্ণবাদী অপরাধের দায়ে দেশটিকে ১ লাখ ৬১ হাজার ৫০০ সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা, যা প্রায় ২ লাখ মার্কিন ডলার বা ২ কোটি ৪০ লাখ টাকার মতো। আলবেনিয়ার দর্শকদের বিরুদ্ধে অভিযোগ ছিল জাতীয় সঙ্গীত চলাকালে গোলযোগ সৃষ্টি করা এবং খেলার চেতনার সঙ্গে সাংঘর্ষিক বার্তা প্রচার করা।
ফিফার ঘোষণায় বলা হয়, ‘আলবেনিয়ার মাঠে অনুষ্ঠিত ওই ম্যাচে দর্শকদের আচরণ আন্তর্জাতিক ফুটবলের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না’। শাস্তির অংশ হিসেবে আলবেনিয়াকে আগামী এক ম্যাচে তাদের স্টেডিয়ামের ধারণক্ষমতা ২০% কমাতে হবে। এছাড়া গত ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে দর্শকদের বৈষম্যমূলক আচরণের অভিযোগে আর্জেন্টিনাকে ১ লাখ ২০ হাজার সুইস ফ্রাঁ বা ১ কোটি ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুয়েনস এইরেসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল আর্জেন্টিনা। ম্যাচ চলাকালীন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখানো হয়েছিল। এবার তার শাস্তি ঘোষণায় ফিফার শৃঙ্খলাবিষয়ক কমিটি বলেছে, ‘এনজো ফার্নান্দেজকে দুই ম্যাচ নিষিদ্ধ করা হলো এবং তাকে ৫,০০০ সুইস ফ্রাঁ (প্রায় ৭.৫ লাখ টাকা) জরিমানা দিতে হবে।’
বাকি দেশগুলের মধ্যে ৫ জুন আর্জেন্টিনার বিপক্ষে ১-০ ব্যবধানে হারের ম্যাচে দর্শকদের বর্ণবাদী আচরণের জন্য চিলিকে ১১৫,০০০ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। এছাড়া কলম্বিয়াকে ৭০,০০০ সুইস ফ্রাঁ, সার্বিয়াকে ৫০,০০০ সুইস ফ্রাঁ এবং বসনিয়া-হার্জেগোভিনাকে ২১,০০০ সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে। ফিফা স্পষ্ট করে বলেছে, ‘ভবিষ্যতে বর্ণবাদ প্রতিরোধে সদস্য দেশগুলোকে একটি পরিকল্পনা তৈরি করতে হবে। এটি আর কেবল সতর্কবার্তা নয়, কঠোর শাস্তির মাধ্যমে আমরা স্পষ্ট করছি—ফুটবলে বর্ণবাদের কোনো স্থান নেই।’
নেইমারের জন্য বিলিয়ন ডলারের সম্পদ উইল করেছেন অচেনা ব্যবসায়ী!
৪৮টি ক্যাচ মিস, ৯৮টি রান-আউট মিস; বাজে ফিল্ডিংয়ে পাকিস্তানই শীর্ষে
শোনা কথায় কান দেবেন না: লিটন দাস
বিশ্বকাপ টিকিটের দাম জানাল ফিফা; সর্বোচ্চ ৮ লাখ!