নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগে নলচিরা বয়ারচর চেয়ারম্যান ঘাট নৌ-রুটে আরো একটি সিট্রাক চালু করা হয়েছে। যাত্রীদের ধারনা এতে যাত্রী ভোগান্তি কমবে।
আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) নলচিরা ঘাট থেকে সকাল সাড়ে ৯টায় চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে প্রথম ট্রিপের মাধ্যমে সি-ট্রাকটি যাত্রা শুরু করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে নলচিরা ঘাটে এসটি ভাষা শহীদ সালাম সিট্রাকটির সার্ভিস দোয়া মাহফিলের মাধ্যম উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম ফজলুল হক খোকন, হাতিয়া থানা অফিসার ইনচার্জ এ কে এম আজমল হুদা, হরণী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইজারাদার প্রতিনিধি ডাক্তার জুয়েলসহ স্থানীয় উপকারভোগীরা।
ইজারাদারের প্রতিনিধি কাজী মো. রাকিব উদ্দিন সাংবাদিকদের জানান, হাতিয়ার সঙ্গে মূলখণ্ডের যোগাযোগের সহজ পথ হচ্ছে নলচিরা চেয়ারম্যানঘাট নৌ-রুট। দীর্ঘদিন ধরে একটি মাত্র সরকারি সিট্রাক থাকলেও তা সব সময় দুপাড়ের চলাচলকারী যাত্রীদের সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। মানুষের সকাল বিকাল চলাচলের সুবিধার্থে বিআইডব্লিউটিসি থেকে আরও একটি সিট্রাক এ রুটে অনুমোদন দেওয়া হয়। আজ সেই সিট্রাকটি আমরা উদ্বোধন করলাম। আমরা আশা করছি মানুষের চলাচলের দুর্ভোগ কিছুটা লাঘব হবে।
নতুন সংযুক্ত হওয়া 'এসটি ভাষা শহীদ সালাম' সিট্রাকটির মাস্টার মন্টু সিকদার বলেন, গত ২৫ আগস্ট বিআইডাব্লিওটিসি থেকে সিট্রাকটি হাতিয়ার নলচিরা ও বয়ারচর চেয়ারম্যানঘাট নৌরুটে চলাচলের অনুমোদন দেওয়া হয়। এতে করে এ রুটে যাত্রীরা আরও ভালো সেবা পাবে।
সি ট্রাকটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকা হাতিয়া থানার ওসি এ কে এম আজমল হুদা বলেন, হাতিয়ার মানুষের নদী পথে চলাচলে অনেক দুর্ভোগ পোহাতে হয়। নতুন এ সিট্রাকটি চালু হওয়ায় এ সমস্যা কিছুটা উন্নতি হবে বরে আশা করছি। এ রুটে আরো অত্যাধুনিক নৌযান প্রয়োজন।
