যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত শুল্ক চুক্তি রাইট টু ইনফরমেশনের (আরটিআই) আওতায় উভয় পক্ষ রাজি হলেই কেবল তা জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে জয়পুরহাটের আক্কেলপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় আলুর বাজার মূল্য প্রসঙ্গে তিনি বলেন, গত বছরের তুলনায় এ বছর দেশে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে আগামী এক মাসের মধ্যে আলুর দাম কিছুটা বাড়তে পারে।
তিনি বলেন, আলুর মূল্য স্থিতিশীল করতে রপ্তানিই একমাত্র বিকল্প। এজন্য সরকার আলু রপ্তানিতে প্রণোদনা দিচ্ছে এবং রপ্তানিকারকদের সহযোগিতা করা হচ্ছে। পাশাপাশি, বিদেশে আলুর চাহিদা তৈরির চেষ্টা চলছে। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর মাধ্যমে বাজার থেকে আলু ক্রয় করা হবে বলেও তিনি জানান।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, আলুর মজুদকারীদের যেকোনো ধরনের সিন্ডিকেট থেকে বিরত রাখতে প্রতিটি হিমাগারে আলুর বস্তাপ্রতি একটি নির্দিষ্ট দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। বাজার ব্যবস্থাপনা, এর তদারকি এবং মাঠ প্রশাসন একসঙ্গে কাজ করছে। সব হিমাগারই নির্ধারিত দাম মেনে চলছে বলে তিনি দাবি করেন।
উল্লেখ্য, শুক্রবার দুপুর পৌনে একটায় আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় মাঠে বশিরউদ্দীনকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করে। হেলিকপ্টার থেকে নামার পর জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
