মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে একদিনে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে অসুস্থ হয়ে আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার বিকেল চারটা পর্যন্ত এই চারজন মারা গেছেন। ইতোমধ্যে তাঁদের জানাজাও সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ও বিষাক্ত মদপানই এই মৃত্যুর কারণ।
উপজেলার কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।
টঙ্গীবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম বলেন, ‘এরকম কিছু জানা নেই। খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’
