শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে নোংরা চর্চা চলতে দেওয়া হবে না: সারজিস আলম

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ এএম

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর উত্তরাঞ্চলের প্রধান সংগঠক সারজিস আলম বলেছেন, আমরা জনাব তারেক রহমান থেকে শুরু করে ছাত্রদলের যারা বাংলাদেশের দায়িত্বে রয়েছেন, সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে সবাইকে স্পষ্ট করে বলি ছাত্রদলের কমিটি দেওয়ার নামে, রাজনৈতিক চর্চার নামে যদি বাংলাদেশে স্কুল পর্যন্ত এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনারা রাজনীতি করার নামে রাজনৈতিক নোংরা চর্চার করার চেষ্টা করেন আপনাদেরকে এরপর থেকে আগে আমাদের মুখোমুখি হতে হবে।

শুক্রবার রাতে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা এনসিপির আয়োজনে বিচার, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবিতে অনুষ্ঠিত রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরো বলেন, এই বাংলাদেশে স্কুল পর্যায়ে ছাত্র রাজনীতির নামে কোনো লেজুরবৃত্তি চলবে না, চলবে না, চলবে না। আমরা স্পষ্ট করে বলি আমরা আওয়ামী লীগের সময়ে স্কুল কলেজ থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি, এডহক কমিটি দেওয়ার নামে বিভিন্ন কমিটিতে কিছু চোর বাটপার, চাঁদাবাজ, অযোগ্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদেরকে ওই ম্যানেজিং কমিটির সভাপতি করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের বিএনপিপন্থী চেয়ারম্যান ফরিদুল ইসলাম আমাদের এক নেতা ও তার বাবাকে হুমকি দিয়ে এসেছেন। তারা যেন এনসিপির কোনো অনুষ্ঠানে না যান। এছাড়া তেতুঁলিয়া উপজেলাতে একটি দলের লোকজন ড্রেজার কাণ্ডের সঙ্গে জড়িত। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ড্রেজার দিয়ে পাথর উত্তোলন করে পরিবেশ ধ্বংস করা হচ্ছে।

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ জেলা এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তব্য দেন।

রাজনৈতিক কর্মশালা ও সমন্বয় সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত