নারায়ণগঞ্জে বিএনপির মিছিলে আওয়ামী লীগ কর্মী সন্দেহে ধাওয়া

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০০ এএম

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় আওয়ামী লীগের কর্মী সন্দেহে একজনকে ধাওয়া দিয়ে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মহানগর বিএনপির মিছিল চলাকালে এ ঘটনা ঘটে। পরে অজ্ঞাত ওই ব্যক্তি দৌড়ে সরে যান।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, রাতে মিশনপাড়া এলাকা থেকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি মিশনপাড়া থেকে শুরু হয়ে চাষাঢ়া মোড়, রামবাবুর পুকুরপাড়, ব্যাংক কলোনী, ইসদাইর ঘুরে আবারও চাষাঢ়া মোড়ে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। মিছিলের শেষ দিকে রামবাবুর পুকুরপাড় এলাকায় আজমেরী ওসমানের অনুসারী সন্দেহে একজনকে ধাওয়া দিয়ে কয়েকজন মারধর করে। পরে তাকে ছেড়ে দেওয়া হলে তিনি দ্রুত সরে যান।

মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে চাষাঢ়ায় যাওয়া হলে একজন আমাদের দেখে দৌড় দেন। তখন কয়েকজন তাকে ধরে ফেললেও আমরা সিনিয়ররা গিয়ে ছেড়ে দিই। তিনি আওয়ামী লীগের কোনো পদে আছেন কিনা আমার জানা নেই।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগ মশাল মিছিলের ঘোষণা দিয়েছিল। আমরা সেটি প্রতিরোধে মিছিল করেছি। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দু-একজনকে দেখা গেলে নেতাকর্মীরা তাদের ধাওয়া দেয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে আমার জানা নেই। খোঁজ নিয়ে জানাতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত