মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ‘গুলিবিদ্ধ’ ৮

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫০ এএম

মুন্সীগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত আটজন ‘গুলিবিদ্ধ’ হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আনন্দপুর এলাকার বিএনপি সমর্থক ওয়াহিদ মোল্লা গ্রুপের লোকজনের সঙ্গে একই এলাকার বিএনপি সমর্থক উজির আলীর লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়।

‘গুলিবিদ্ধরা’ হলেন শহিদুল মাদবর (৪৫), মজনু সরকার (৫৫), শামীম সরকার (২৭), জাহাঙ্গীর সরকার (৩৫), নজরুল সরকার (৬৫), শরীফ মাদবর (৬৫), সোহেল (৩৫) ও লিটন (২৫)। এর মধ্যে সোহেল ও লিটনকে ঢাকায় পাঠানো হয়েছে।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ পারভেজ ‘গুলিবিদ্ধ’ রোগীদের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘গুলিবিদ্ধ’ অবস্থায় এখন পর্যন্ত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের সবার বাড়ি মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায়। এর মধ্যে গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মাথায় আঘাত রয়েছে।

স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে গ্রুপ দুটির মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছিল। মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন, ‘এরকম কোনো খবর আমাদের জানা নেই। খোঁজখবর নেওয়া হচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত