শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তি ব্যবহারে দক্ষ হওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব শিক্ষার্থীদেরকে যুগোপযোগী করে গড়ে তুলবে।
শনিবার (৬ সেপ্টম্বর) দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মিরাসানী পলিটেকনিক একাডেমিতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত কম্পিউটার ল্যাব উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল বলেন,বহির বিশ্বের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে হলে তথ্যপ্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মুঠোফোন ব্যবহারের মাত্রা কমিয়ে পড়াশোনায় মনোযোগী হতে হবে।
মিরাসানী পলিটেকনিক একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান ভূইয়া মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সহ সভাপতি এবিএম মমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজ্জম, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা, বিজয়নগর উপজেলা বিএনপির সভাপতি জমির হোসেন দস্তগীর, জেলা যুবদলের সভাপতি শামিম মোল্লা সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
