‘আমি বিশ্বের সেরা পাঁচ ফরোয়ার্ডের একজন, কিন্তু মূল্যায়ন করা হয় না’

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৪ এএম

আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেস আসন্ন ব্যালন ডি’অরের আগে নিজের অবস্থান নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন। লাউতারো দাবি করেছেন, তিনি বর্তমান সময়ে বিশ্বের সেরা পাঁচ স্ট্রাইকারের মধ্যে একজন। ‘লোকিপ’কে দেওয়া এক সাক্ষাৎকারে লাউতারো তার শৈশবের দারিদ্র্য থেকে শুরু করে ইন্টার মিলান ও আর্জেন্টিনার হয়ে তার অর্জন, ব্যক্তিগত স্বপ্ন ও সমালোচকদের দৃষ্টিভঙ্গি—সবকিছু নিয়েই খোলাখুলি কথা বলেন।

বাহিয়া ব্লাঙ্কায় বেড়ে ওঠা ইন্টার মিলানের অধিনায়ক এবং আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লাউতারো জানান, ছোটবেলায় তার পরিবার অর্থকষ্টে পড়েছিল, ‘আমরা মাঝেমধ্যে বাড়ি ভাড়া কিংবা খাবার- যে কোনো একটিকে বেছে নিতে বাধ্য হতাম। বাবা-মা আমাদের খাওয়ানোর জন্য অনেক সময় নিজেরা না খেয়ে থেকেছেন। আজ আমি সবকিছুর মূল্য দেই। ওই কষ্টের সময়টাই আমাকে শক্ত করেছে, যা আজ মাঠে প্রতিটি ম্যাচে পুরোটা উজাড় করে দিতে শেখায়।’ ২০২২ কাতার বিশ্বকাপ জিতেছেন লাউতারো মার্তিনেজ।

রেসিং ক্লাব থেকে ইউরোপে পাড়ি জমানো লাউতারো ইতিমধ্যেই ইন্টার মিলানের হয়ে সাতটি ট্রফি এবং আর্জেন্টিনার হয়ে চারটি শিরোপা (বিশ্বকাপ ২০২২, কোপা আমেরিকা ২০২১ ও ২০২৪, ফিনালিসিমা ২০২১) জিতেছেন। গত মৌসুমে সিরি আ’তে সর্বোচ্চ গোলদাতা হয়েও ব্যালন ডি’অর ২০২৪-এ সপ্তম স্থানে থেকে আক্ষেপ করেছিলেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘হয়তো ইমেজ বা মার্কেটিংয়ের কারণে আমাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু আমি সবসময় আমার সতীর্থদের জন্য, আমার জার্সির জন্য সর্বোচ্চটা দেই।’

ব্যালন ডি’অরের ৩০ জন মনোনীতের মধ্যে আছেন লাউতারো। আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি গত বছর বলেছিলেন, লাউতারো ব্যালন ডি’অরের যোগ্য। এ নিয়ে লাউতারো বলেন, ‘এমন স্বীকৃতি গুরুত্বপূর্ণ। তবে আমার কাছে দলীয় অর্জনই সবার আগে। অবশ্যই আমি স্বপ্ন দেখি ব্যালন ডি’অর জেতার। এটি ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ট্রফিগুলোর একটি। গত কয়েক বছরের অর্জন আমাকে বিশ্বের সেরা পাঁচ ফরোয়ার্ডের একজন করে তুলেছে। কোনো সন্দেহ নেই।’ ইন্টার মিলানের জার্সিতেও লাউতারোর পারফর্মেন্স ঈর্ষণীয়।

লাউতারো ব্যালন ডি’অর জিতবেন কিনা সেটা সময়ই বলবে। তবে নিজের আত্মবিশ্বাস, মাঠের পরিসংখ্যান ও ক্যারিয়ারের ধারাবাহিকতায় আর্জেন্টাইন অধিনায়ক নিশ্চিতভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবেন। দিনশেষে নিজেকে শুধু ফুটবলার নয়, একজন ভালো মানুষ হিসেবে স্বীকৃতি পেতে চান লাউতারো, ‘আমি চাই লোকে আমাকে একজন শিক্ষিত, ভদ্র এবং সম্মানিত মানুষ হিসেবে জানুক। পরিবার থেকে পাওয়া শিক্ষা—নম্রতা, সম্মান, কঠোর পরিশ্রম আর ত্যাগ—আমি আমার সন্তানদেরও শিখিয়ে যেতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত