আগামী অক্টোবর থেকে দেশের ১৫০টি উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে।
রবিবার (৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার এ তথ্য জানান।
তিনি আরও জানান, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় সাক্ষরজ্ঞান দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্কুলে ভিজিট করে দেখা গেছে, অনেক শিক্ষার্থী প্রকৃত অর্থেই সাক্ষর নয়। আগের সরকার প্রকৃত সাক্ষরতার হার গোপন রেখেছে বলে মন্তব্য করেন তিনি।
গণশিক্ষা উপদেষ্টা বলেন, দেশে সাক্ষরতার হার বর্তমানে ৭৭.৯ শতাংশ। বাকি ২২.১ শতাংশ জনগোষ্ঠী নিরক্ষর। তবে বাস্তবে সাক্ষরতার হার আরও কম হতে পারে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার মূল লক্ষ্যই হলো শিশুকে সাক্ষর করে তোলা। প্রকৃত সাক্ষর না হয়ে শিক্ষার্থীরা যখন উচ্চবিদ্যালয়ে যায়, তখন তাদের শিক্ষায় বড় একটি ঘাটতি থেকে যায়।
স্কুলের ছুটি কমানো প্রসঙ্গে তিনি জানান, স্কুলগুলো বছরে মাত্র ১৮০ দিন খোলা থাকে। তাই অপ্রয়োজনীয় ছুটি কমানোর চেষ্টা চলছে। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক পদ শূন্য থাকলে তা পূরণেরও চেষ্টা চলছে বলে জানান তিনি।
