সহকর্মী ও দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা। ঢালিউডের প্রয়াত শিল্পীদের স্মরণে গতকাল রবিবার বিএফডিসিতে আয়োজন করা হয় দোয়া মাহফিল। প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনায় সেখানে হাজির হন বাংলা চলচ্চিত্রের নতুন পুরাতন শিল্পীদের অনেকে। সেখানেই সহকর্মী, দেশবাসী ও সাংবাদিকদের উদ্দেশে কথা বলেন অভিনেতা, পরিচালক ও প্রযোজক সোহেল রানা।
দেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ১১ জন’-এর প্রযোজক বলেন, ‘কে কখন চলে যাব, শিওর না। এই সুযোগে আমার সঙ্গে যারা কাজ করেছেন, আর যারা ভবিষ্যতে কাজ করবেন, যারা চলচ্চিত্র জগতে আসবেন, তাদের সঙ্গে আমি যদি কোনো ভুলত্রুটি কিংবা অন্যায় করে থাকি, আজ এই মুহূর্তে আমি এই সুযোগটা নেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি কখন মরে যাব, জানি না। তারা যেন আমার ভুলত্রুটি অন্যায়গুলোকে ক্ষমা করে দেন। এবং আমার জন্য দোয়া করেন, যাতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে, যে আদর্শ ও উদ্দেশ্য নিয়ে কাজ করেছি, ভুল যে কিছু হয়নি তা নয়, হয়তো ভুল অনেক করেছি। আমি ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চেয়ে যাচ্ছি। আগামী দিনে সৃষ্টিকর্তার কাছে যাব, সেই সময়ে যেন আমি নীতি বা আদর্শ নিয়ে সঠিক মুসলমান হিসেবে আল্লাহর কাছে যেতে পারি, সে জন্য সবার কাছে আমি দোয়া চাচ্ছি।’
