গাজীপুর 

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০১:২২ পিএম

বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর মহানগরীর বাসন কলম্বিয়া এলাকায় অবরোধ সৃষ্টি করে। এতে ওই মহাসড়কের উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কারখানাটিতে প্রায় ৮০০ শ্রমিক কর্মরত রয়েছেন। 

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর বাসন থানার কলম্বিয়া এলাকায় আলিফ ক্যাজুয়াল লিমিটেড নামক একটি পোশাক তৈরির কারখানার শ্রমিকদের জুলাই ও আগস্ট মাসের বেতন পাওনা রয়েছে। বেশ কিছুদিন ধরেই শ্রমিকরা বকেয়া বেতন চাইলে কারখানা কর্তৃপক্ষ নানা টালবাহানা শুরু করে। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই মহাসড়কে উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে  যায়। 

খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সকাল সাড়ে ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, জুলাই ও আগস্ট মাসের বেতনও এখনও বকেয়া রয়েছে। সেপ্টেম্বর মাস চলে আসলেও নানা অজুহাতে বেতন দেওয়া হচ্ছে না। ফলে সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে। বিশেষ করে বাসাভাড়া পরিশোধ করতে না পারায় বাড়িওয়ালাদের চাপের মুখে পড়েছেন তারা। অবরোধ চলাকালে শ্রমিকরা মহাসড়কে বসে স্লোগান দিতে থাকেন।

গাজীপুর শিল্প পুলিশের বাসন জোনের পরিদর্শক ফারুকুল আলম বলেন, মালিকপক্ষ বেতন পরিশোধ না করে গত ২৮ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং পুনরায় ৬ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে কারখানাটি বন্ধ রাখে। এর ফলে শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

তিনি আরো বলেন, শ্রমিকদের আন্দোলনের কারনে বেশ কিছু সময় মহাসড়ক বন্ধ ছিল তবে সাড়ে ৯টার দিকে শ্রমিকদের সরিয়ে দিলে ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত