ডাকসু ও হল সংসদ নির্বাচনে কার্জন হলের দ্বিতীয় তলায় অমর একুশে হলের ভোটকেন্দ্রে ভুল করে এক শিক্ষার্থীকে দু’টি ব্যালট পেপার দেয়ার অভিযোগে এক পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপপরিচালক ফররুখ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, অভিযোগ পাওয়ার পরপরই বিষয়টির দ্রুত নিষ্পত্তি করা হয়েছে। এটি একটি অনিচ্ছাকৃত ভুল, যা সংশ্লিষ্ট ভোটারও বুঝতে পেরেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন তিনি।
এদিকে, কার্জন হলের দোতলায় অমর একুশে হল ভোটকেন্দ্রে পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীর বিরুদ্ধে এক শিক্ষার্থীকে আগে থেকে পূরণ করা ব্যালট পেপার দেয়ার অভিযোগ উঠেছে।
ওই কেন্দ্রের পোলিং এজেন্ট রাজিমুল ইসলাম ও নাম প্রকাশে অনিচ্ছুক আরেক এজেন্ট জানান, প্রথমে এক ভোটারকে একটি ব্যালট পেপারের দু’টি কপি দেয়া হয়। ভোটার দু’টিই পূরণ করার পর একটি ব্যালট বাক্সে ও অন্যটি টেবিলে জমা দেন। পরবর্তীতে নতুন ভোটার এলে তাকে পূরণ করা সেই ব্যালট পেপার দেয়া হয়, কিন্তু সেটি আগে থেকেই পূরণ করা থাকায় ভোটার সেটি ফেরত দেন।
পোলিং অফিসার জিয়াউর রহমান চৌধুরীও বিষয়টি স্বীকার করে বলেন, এটি অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে।
