নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবতরণ করতে না পেরে ১১৪ জন যাত্রী নিয়ে ঢাকায় ফেরত এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। মঙ্গলবার বিকেল ৪টা নাগাদ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
জানা গেছে, রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের ফ্লাইটটি (ফ্লাইট নম্বর বিজি ৩৭১) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নেপালের উদ্দেশ্যে ছেড়ে যায়, যা বাংলাদেশ সময় দুপুর ২টায় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিল।
কিন্তু সরকার বিরোধী বিক্ষোভের জেরে নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে সব ধরনের ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বাতিল করা হয়। এরপর বাধ্য হয়ে বিমানের বোয়িং ৭৩৭ উড়োজাহাজ ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেয়।
বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) রওশন কবীর বলেন, যখন বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যায়, তখনও ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের কোনো সিদ্ধান্ত হয়নি। ফ্লাইটটি নেপাল পৌঁছানোর পর জানা যায় এই সিদ্ধান্ত। ফ্লাইটটি বিকেল ৪টায় কাঠমান্ডু থেকে ঢাকায় অবতরণ করবে বলে জানতে পেরেছি।
নেপালে বাংলাদেশিদের জন্য জরুরি পরামর্শ দূতাবাসের