নুরের ওপর হামলাকারীদের গ্রেপ্তার না করায় গণঅধিকারের ক্ষোভ

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ১৪ দিন পেরিয়ে গেলেও হামলাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষোভ প্রকাশ করেছে দলটি। সেই সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ব্যবস্থা না করায় সরকারের সমালোচনা করা হয়।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

হাসান আল মামুন বলেন, নুরুল হক নুরের ওপর সেনাবাহিনীর ও পুলিশের কতিপয় সদস্য হামলা চালিয়েছে। হামলাকারীরা চিহ্নিত হওয়ার পরেও তারা কেউ গ্রেপ্তার হয়নি। আমরা সরকারের পক্ষ থেকে একটা তদন্ত কমিশন গঠন করতে দেখেছি। কিন্তু সেটিরও দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত লক্ষ্য করছি না। তার মানে কি সরকার সেনাবাহিনীকে ভয় পাচ্ছে! নাকি অন্য কোনও ষড়যন্ত্র আছে!

আল মামুন বলেন, সরকার বলেছিল তাকে দেশের বাইরে নিয়ে যেতে পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু এখন পর্যন্ত কোনও দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। যদি সরকার কোনও পদক্ষেপ না নেয়, তাহলে সরকার সেটি আমাদের জানিয়ে দিক। আমরা সংগঠনের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাব।

তিনি আরও বলেন, সেনাপ্রধান বলেছিলেন তিনি রিফাইন্ড আওয়ামী লীগ চান। কিন্তু সে আশায় তার গুড়েবালি হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখেছি, জাতীয় পার্টির মাধ্যমে রিফাইন্ড আওয়ামী লীগ চেয়েছেন। তার একটি নমুনা আমরা দেখেছি, রংপুরে মোস্তাফিজার রহমান তার বক্তব্যে বলেছেন যে, আমরা স্বচ্ছ আওয়ামী লীগকে নিতে চাই এবং নমিনেশন দিতে চাই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত