গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা সরকারের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৪ পিএম

গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের কঠোর বার্তা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে এই তথ্য জানান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, আগামী জাতীয় নির্বাচন বিঘ্ন ঘটাতে তাদের অনেকে চেষ্টা করছেন বলে গোয়েন্দা প্রতিবেদন আছে। মন্ত্রণালয় তা মনে করে না, তবে তারা ফিরে না আসলে তাই সত্য বলে ধরে নেওয়া হবে।

সবাইকে দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকায় তাদের সাথে কিভাবে বৈঠক সম্ভব? তারা কাজে যোগ দেওয়ার পর যেকোনো সময় আলোচনায় বসা সম্ভব। বিদ্যুৎ অত্যাবশ্যকীয় সেবা, অবশ্যই সংশ্লিষ্ট সবাইকে তা নিশ্চিত করতে হবে। তাদের ফিরে আসতে আগে ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল, তখন অনেকে ফিরে এসেছিলেন। অনেকে আবার বাধা দিয়েছেন। সবাইকে দ্রুত কাজে যোগ দেওবার আহ্বান জানাই।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, অনেককে কাজে যোগ দিতে বাধা দেওয়া হচ্ছে। যারা এমন করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে ৩টি জিডি করা হয়েছে। গণছুটির পরেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হচ্ছে না। সরকার পল্লী বিদ্যুৎ সমিতির সব সমস্যা সমাধানের চেষ্টা করছে। সরকার সহনশীলতার পরিচয় দিচ্ছে, দুর্বলতা ভাবলে ভুল করবে।

বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীদের বেশ কিছু দাবি পূরণ করা হয়েছে। অনেক দাবি পূরণ করতে আইন ও বিধির পরিবর্তন করতে হবে। এ বিষয়ে কাজ করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত