ব্যাটিংয়ে উন্নতি করা হংকং বাংলাদেশের বিপক্ষে করলো ১৪৩ রান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

এশিয়া কাপে 'বি' গ্রুপে বাংলাদেশের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে হংকং তোলে ৭ উইকেটে ১৪৩ রান। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন নিজাকাত খান। তানজিম হাসান সাকিব ২১ রানে নিয়েছেন ২ উইকেট। তাসকিন-রিশাদও ২টি করে উইকেট নেন।

এর আগে এশিয়া কাপের প্রথম ম্যাচে হংকং আফগানিস্তানের বিপক্ষে করেছিল ৯ উইকেটে ৯৪ রান। সেই হিসেবে ব্যাটিংয়ে উন্নতিই করেছে হংকং।

বৃহস্পতিবার আবুধাবিতে হংকং পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে ৩৪ রান। হংকংয়ের উদ্বোধনী জুটিতে ওঠে মাত্র ৭ রান। অংশুমান রাঠকে উইকেটকিপারের ক্যাচ বানান বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ।

এরপর ইনিংসের পঞ্চম ওভারে বাবর হায়াতের (১২ বলে ১৪) স্টাম্প উপড়ে সাফল্য এনে দেন তানজিম হাসান। দারুণ এক ডেলিভারিতে বাবরকে বোল্ড করেন এই পেসার। বাংলাদেশকে তৃতীয় উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয় ১২তম ওভার পর্যন্ত। জিসান আলিকে (৩৪ বলে ৩০) ফিরিয়ে তৃতীয় উইকেটে ৪১ রানের জুটি ভাঙেন তানজিম হাসান।

চতুর্থ উইকেটে নিজাকাত খান এবং অধিনায়ক ইয়াসমিন মুর্তজার ৪৬ রানের জুটিতে একশো পেরোয় হংকং। মুর্তজা ব্যক্তিগত ২৮ রানে রানআউটে কাটা পড়লে জুটি ভাঙে।

ইনিংস সর্বোচ্চ ৪২ রান করা নিজাকাতকে আউট করেন রিশাদ হোসেন। পরের বলে তিনি ফেরান কিঞ্চিত শাহকে (০)।

ইনিংসের শেষ ওভারে বল করতে এসে তাসকিন নেন আরও এক উইকেট। ওই ওভারে তাসকিন দেন ৯ রান। তাতে ৪ ওভার শেষে ৩৮ রানে ২ উইকেট নেন তাসকিন। আর হংকংয়ের ইনিংস থামে ১৪৩ রানে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত