জাকসুর ভোট গণনা শেষ, সন্ধ্যায় ফলাফল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৯ পিএম

দীর্ঘ ৪৫ ঘণ্টা অপেক্ষার পর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) ভোট গণনা শেষ হয়েছে। তবে চূড়ান্ত ফলাফল আজ সন্ধ্যা ৭টায় ঘোষণা করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ভোট গণনা শেষ হয় বলে জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ।।

এর আগে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মুনিরুজ্জামান দীর্ঘ সময় লাগার কারণ ব্যাখ্যা করেন। তিনি জানান, হাতে-কলমে ভোট গণনা করায় সময় বেশি লাগে। তিনি দাবি করেন, লাভ-লোকসানের হিসাব না করে নির্বাচনী বিধি অনুসারে দায়িত্ব পালন করা হচ্ছে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিল ১১ হাজার ৮৯৭ জন। এর মধ্যে ছাত্র ভোটার ৬ হাজার ১১৫ জন এবং ছাত্রী ভোটার ৫ হাজার ৭২৮ জন। ভোট প্রদান করেন ৬৭ থেকে ৬৮ শতাংশ শিক্ষার্থী। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে মোট ১৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভিপি পদে প্রার্থী ছিলেন ৯ জন, জিএস পদে ৮ জন এবং এজিএস পদে ১৬ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৬ জন।

নির্বাচনে মোট আটটি পূর্ণ ও আংশিক প্যানেল অংশ নিলেও ভোট শুরুর পর কারচুপির অভিযোগ তুলে পাঁচটি প্যানেল ভোট বর্জন করে। বর্জনকারী প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল, প্রগতিশীল শিক্ষার্থীদের সম্প্রীতির ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের সংশপ্তক পর্ষদ, স্বতন্ত্রদের ‘অঙ্গীকার পরিষদ’ এবং আরও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত