কাতারে হামাস নেতাদের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে তিনি এ ঘটনা গাজায় যুদ্ধবিরতি প্রচেষ্টায় প্রভাব ফেলতে পারে বলে স্বীকার করেছেন।
রবিবার (১৪ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পররাষ্ট্রমন্ত্রী রুবিও সাংবাদিকদের বলেন, অবশ্যই আমরা এ ঘটনায় খুশি নই, প্রেসিডেন্টও খুশি নন। তবে এতে আমাদের ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ধরন বদলাবে না। তবে আমাদের এ নিয়ে আলোচনা করতে হবে-বিশেষ করে, এর প্রভাব গাজায় যুদ্ধবিরতি অর্জনের কূটনৈতিক প্রচেষ্টায় কী হতে পারে।
ব্রিটেন ও ইসরায়েল সফরে যাওয়ার আগে তিনি এসব কথা বলেন।
গত মঙ্গলবার দোহার একটি আবাসিক কমপ্লেক্সে হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালানো হয়। ওই হামলায় পাঁচ হামাস সদস্য ও এক কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। নিহতরা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করছিলেন।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। গাজায় যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও মিসরের সঙ্গে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে কাতার।
