কক্সবাজারে মদ্যপ অবস্থায় স্বামীকে হত্যার পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে জনতার সহায়তায় বিরেল চাকমা নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১২টার দিকে কক্সবাজারের কলাতলীর বাইপাস সড়কের উত্তরণ আবাসিক এলাকায় এঘটনা ঘটে।
অভিযুক্ত বিরেল চাকমা (৫৫) ওই এলাকার বাসিন্দা।
নিহত রঞ্জন চাকমার বাড়ি রাঙ্গামাটি জেলায়।
কক্সবাজার জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, বিরেলের সঙ্গে নিহতের স্ত্রী পূর্ব পরিচিত। এই সূত্রে তিন দিন আগে পাওনা টাকা তুলতে স্বামীসহ ওই নারী কক্সবাজারে বিরেলের বাসায় আসে। এ সুযোগে বিরেল ওই নারীকে কুপ্রস্তাব দিতে থাকে। এর মধ্যে শনিবার দিবাগত রাতে বিরেল ও রঞ্জন মদপান করেন। এক সময় বিরেল মাতাল অবস্থায় রঞ্জনের স্ত্রীকে ঘর থেকে বের হয়ে যেতে বললে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরেল দা দিয়ে রঞ্জনের মাথায় আঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান। এতেও ক্ষান্ত না হয়ে বিরেল ওই নারীকে ধর্ষণ করে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিরেলকে ধরে পুলিশে সোপর্দ করে।
ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক বিরেল চাকমাকে পুলিশ হেফাজতে জিজ্ঞেসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।
