গণপিটুনি দিয়ে বাবাকে পুলিশে দিল জনতা, ধর্ষণের অভিযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ পিএম

ফেনীর সোনাগাজীতে নিজের মেয়েকে ধর্ষণ করার অভিযোগে এক পাষণ্ড বাবাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। শনিবার রাতের এই ঘটনাটি উপজেলার নবাবপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামে ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি জামাল উদ্দিন, যিনি মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের সাইদুল হকের ছেলে।

এই ঘটনায় রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর মা নূর বানু বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার থেকে জানা যায়, জামাল উদ্দিন গত এক বছর ধরে তার সতেরো বছর বয়সী কিশোরী কন্যাকে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন। গত বৃহস্পতিবার আবারও ধর্ষণের চেষ্টা করলে মেয়েটি পালিয়ে তার মায়ের কাছে গিয়ে সব খুলে বলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত জামাল উদ্দিন নাজিরপুর গ্রামের শফি ডিলারের পুরোনো বাড়িতে বিয়ে করে ঘরজামাই হিসেবে থাকতেন। নিজের মেয়ের সঙ্গে এমন জঘন্য ঘটনা প্রকাশ পেলে এলাকাবাসী তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

ঘটনার বিষয়ে অভিযুক্ত বা তার পরিবারের কারও কোনো বক্তব্য জানা যায়নি।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন বলেন, অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য ভিকটিমকে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেছে পুলিশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত