ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে তিন দিনের কর্মসূচির দ্বিতীয় দিনে সড়ক ও রেলপথে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে রাস্তার পাশে অবস্থান নিয়ে ব্যানার হাতে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা।
সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। এর ফলে বাস, ট্রাক, প্রাইভেটকারসহ সকল ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভাঙ্গা উপজেলা সদরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া, মাধবপুর, হামিরদী এবং ঢাকা-খুলনা মহাসড়কের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় সকালে আন্দোলনকারীরা অবস্থান নিলেও পুলিশের তৎপরতায় তারা রাস্তার পাশে সরে দাঁড়ান।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রোকিবুজ্জামান জানান, জনগণের ভোগান্তি যাতে না হয়, সেজন্য তারা সর্বাত্মক চেষ্টা করছেন। আন্দোলনকারীরা রাস্তার পাশে অবস্থান করায় মহাসড়ক খালি রয়েছে। সড়ক সচল রাখতে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার কাজ করছে।
গত রবিবার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এ আন্দোলনের নেতা মো. সিদ্দিক মিঞাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে সড়ক অবরোধকে “অবৈধ দাবি” আখ্যা দিয়ে ভাঙচুর ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে ৯০ জনের নাম উল্লেখ এবং ১০০ থেকে ১৫০ অজ্ঞাত আসামি করে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য, ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে কেটে ফরিদপুর-২ আসনে যুক্ত করার নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে স্থানীয় জনতা গতকাল রবিবার থেকে তিন দিনের সকাল-সন্ধ্যা সড়ক ও রেল অবরোধ কর্মসূচি শুরু করে। আগামীকাল মঙ্গলবার এই কর্মসূচির শেষ দিন।
