আইসিসির আইনে হ্যান্ডশেক না করার শাস্তি কী?

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

দুবাই, ২০২৫ – এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচটি মাঠের লড়াইয়ে শেষ হলেও মাঠের বাইরে জন্ম দিয়েছে নতুন বিতর্কের। ছক্কা মেরে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করার পর সরাসরি ড্রেসিংরুমে চলে যান ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব এবং তার সতীর্থ শিবম দুবে। প্রথা মেনে তারা প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেক করেননি। এমনকি ভারতীয় ড্রেসিংরুমের দরজাও বন্ধ করে দেওয়া হয় বলে জানা গেছে।

কাশ্মীর হামলার ইস্যুতে সূর্যকুমারদের এই আচরণে ভারতীয় সমর্থকদের মধ্যে সমর্থন থাকলেও, পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা এটিকে ‘খেলাধুলার চেতনার পরিপন্থী’ বলে সমালোচনা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, তারা ম্যাচ রেফারির কাছে ভারতীয় দলের আচরণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। প্রশ্ন উঠছে, আইসিসি কি ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে?

বিশ্লেষকদের মতে, যদিও এশিয়া কাপ পরিচালনা করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এএসসি), তবু ম্যাচগুলো আন্তর্জাতিক হওয়ায় আইসিসির আচরণবিধি এতে প্রযোজ্য হবে। আইসিসি সবসময় ক্রীড়াসুলভ মানসিকতার ওপর জোর দেয়। তবে, ম্যাচ শেষে হ্যান্ডশেক করা আইসিসির কোনো বাধ্যতামূলক নিয়ম নয়। এমনকী আইসিসির আচরণবিধিতে হ্যান্ডশেক না করার জন্য কোনো নির্দিষ্ট শাস্তির ধারা নেই।

এই ঘটনা ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বৈরথকে নতুন মাত্রা দিয়েছে, যেখানে খেলাধুলার নৈতিকতা এবং ক্রীড়া শৃঙ্খলা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তবে ভারতের খেলোয়াড়দের আচরণে সরাসরি প্রতিপক্ষকে অসম্মান করার মতো কিছু না থাকায়, আইসিসি তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মনে করা হচ্ছে। এমনকী এসিসিরও এখানে কিছু করার নেই বলেই বলছেন বিশেষজ্ঞরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত