তিতাসে সওজের জমি দখলের অভিযোগ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৭ পিএম

কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের দুই পাশের সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতা আল-আমিন হক বাবুর বিরুদ্ধে। তার নেতৃত্বে সওজের ফাঁকা জায়গায় ভরাট করে যে যার মতো হাতিয়ে নিচ্ছে বলে দাবি স্থানীয়দের।    

সরেজমিনে দেখা গেছে, তিতাস উপজেলার কড়িকান্দি এলাকায় সড়কের পশ্চিমপাশে সড়ক ও জনপদ (সওজ) অধিদপ্তরের জায়গায় টং দোকানের পেছনে বালু ভরাট করে অবাধে জমি দখলে নেওয়া হচ্ছে। গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের জমি দখল করে নতুন নতুন স্থাপনা নির্মাণ হতে দেখা গেছে।

এলাকাবাসীর ভাষ্য, এ ধরনের অবৈধ দখলের ঘটনা প্রতিদিন ঘটলেও সওজ বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। 

নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর স্থানীয় ছাত্রদল নেতা আল-আমিন হক বাবুর নেতৃত্বে কড়িকান্দি সড়ক ও জনপদ বিভাগের (সওজ) রেকর্ডভুক্ত জমি বালু দিয়ে ভরাট চলছে। এছাড়াও প্রতিনিয়ত উপজেলার গৌরিপুর-হোমনা আঞ্চলিক সড়কের জিয়ারকান্দি এলাকা থেকে বাতাকান্দি এলাকা পর্যন্ত সওজের জমি অবৈধভাবে দখল করে তোলা হচ্ছে নতুন নতুন স্থাপনা। এতে সড়কটির কড়িকান্দি ও বাতাকান্দি এলাকায় প্রতিদিনই যানজট লেগে থাকছে।  

তবে অভিযোগ অস্বীকার করে তিতাস উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল আমিন হক বাবুর বলেন, এটা যাদের জায়গা তারাই ভরাট করতেছে। এর সঙ্গে আমার কোনো রকমের সম্পৃক্ততা নেই। আর আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা মিথ্যা রটাচ্ছে তাদের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তাহলে সরকারি জায়গা কে ভরাট করছে এমন প্রশ্নের জবাবে ছাত্রনেতা আল আমিন বলেন, জায়গাটি আগে আওয়ামী লীগের লোকজনের দখলে ছিল। এখন যারা দখল করছে আমার আত্মীয় হলেও তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিন বলেন, বিষয়টি জানার পর আমরা সওজের কর্মকর্তাকে জানিয়েছি। উনার বলেছেন সরেজমিনে দেখে ব্যবস্থা নেবেন। 

কুমিল্লা সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, বালু ভরাটের মাধ্যমে আমাদের জায়গা দখলের বিষয়টি জানা নেই। লোক পাঠিয়ে খবর নেবো এবং ঘটনার সত্যতা পেলে দখলদারদের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত