মতলবে র‍্যালি থেকে তুলে যুবদল নেতাকে পিটিয়ে জখম

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৫৪ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি থেকে ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আবু সামাকে (৪২) তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। বিএনপির অভ্যন্তরীণ বিরোধের জেরে পৌর বিএনপির সদস্য মিজানুর পাটোয়ারীর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা।

প্রত্যক্ষদর্শী ও আবু সামার ভাষ্য অনুযায়ী, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতলবে একটি র‍্যালি বের করা হয়। এতে সহকর্মীদের সঙ্গে অংশ নেন আবু সামা। র‍্যালিটি মতলব সিঙ্গাপুর প্লাজা থেকে শুরু হয়ে স্থানীয় এনএএম টাওয়ারের কাছে পৌঁছালে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ অনুযায়ী, পৌর বিএনপির সদস্য মিজানুর পাটোয়ারীর নির্দেশে যুবদল নেতা বাবু পাটোয়ারী, উজ্জ্বল, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তরিকুল ইসলাম, আলী হোসেনসহ আরও ১০ থেকে ১২ জন তাকে র‍্যালি থেকে তুলে নেন। পরে শিশু মাতৃ ডায়াগনস্টিক সেন্টারের সামনে নিয়ে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আবু সামা জানান, তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তিনি প্রথমে শিশু মাতৃ ডায়াগনস্টিক সেন্টারে আশ্রয় নেন। পরে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয় কর্মীদের একাংশের দাবি, সংগঠনের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যক্তিগত শত্রুতার কারণে এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক সচেতন মহল ও যুবদলের একাংশ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, মারধরের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর মতো অনুষ্ঠানে নিজ দলের রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে এমন হামলার অভিযোগে সাধারণ নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি ও রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় যুবদল নেতাকর্মীরা অভিযুক্ত মিজানুর পাটোয়ারী ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত