খুলনায় নবজাতক চুরির ঘটনায় নারী গ্রেপ্তার

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

খুলনায় বেসরকারি হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় নার্গিস বেগম (৫৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর রূপসা ইস্পাহানী গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নার্গিস বেগম বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার দিয়াপাড়া এলাকার মো. লিয়াকত আলীর স্ত্রী। 

পুলিশ জানায়, গত সোমবার বেলা ১২টার দিকে নগরীর ড্যাপস হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে ফারজানা আক্তারের চারদিনের নবজাতক ছেলে শিশু চুরি হয়। ঐ ঘটনা পুলিশকে অবগত করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সিসি টিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে উদ্ধার অভিযানে নামে। 

দীর্ঘ ৭ ঘণ্টা পর পুলিশ নগরীর রূপসা ইস্পাহানী গলিতে অভিযান চালিয়ে নার্গিস বেগমকে গ্রেপ্তার করে। পরে তার হেফাজত থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নবজাতক শিশুকে তার পিতা সুজন মিয়া ও মা ফারজানা আক্তারের হাতে তুলে দেওয়া হয়। গ্রেপ্তার নার্গিস বেগমের বিরুদ্ধে খুলনা সদর থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা হয়েছে। নবজাতক শিশুকে পেয়ে তার পরিবার খুলনা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত