জুলাই অভ্যুত্থানে আহত নারায়ণগঞ্জের গাজী সালাউদ্দিন পেলেন পুনর্বাসন সহায়তা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৭ পিএম

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আর্থিকভাবে অসচ্ছল জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্বাবলম্বী করতে ফাউন্ডেশনের উদ্যোগে পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অসচ্ছল এক জুলাই যোদ্ধাকে সহায়তার মাধ্যমে একটি দোকান হস্তান্তর করা হয়েছে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জুলাই অভ্যুত্থানে আহত গাজী সালাউদ্দিনকে পুনর্বাসনের উদ্যোগ নিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়ার সময় সালাউদ্দিন চোখে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এতে তার ডান চোখ পুরোপুরি অন্ধ হয়ে যায় এবং বাম চোখের দৃষ্টিশক্তিও আংশিক ক্ষীণ হয়ে পড়ে। এই অবস্থায় চিকিৎসা ও পরিবারের খরচ বহন করতে গিয়ে তিনি পূর্বের ব্যবসার মূলধন হারান এবং দীর্ঘদিন বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করতে থাকেন।

গাজী সালাউদ্দিনের শারীরিক দুরবস্থা ও পারিবারিক পরিস্থিতি বিবেচনা করে ফাউন্ডেশন তাঁকে পুনর্বাসন বাবদ একটি মুদি দোকান প্রদান করেছে। দোকানটির নাম রাখা হয়েছে ‘ওয়াজিহা স্টোর’, যা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাজারের ১০ নম্বর ওয়ার্ডে অবস্থিত।

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব এবং শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নাঃগঞ্জের সাবেক সদস্য সচিব ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা সমন্বয় কমিটির সদস্য জাবেদ আলম।

ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের জন্য জীবন-ঝুঁকি নিয়ে আন্দোলনে অংশগ্রহণকারীদের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। আর গাজী সালাউদ্দিনের মতো সাহসী মানুষদের পুনর্বাসন করতে পারা তাঁদের জন্য গর্বের বিষয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত