জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে চীন-তাইওয়ান দ্বন্দ্ব, একসাথে বসেনি বেইজিং

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:১২ এএম

ডেনমার্কে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের বাসভবনে একটি অনুষ্ঠানে চীন ও তাইওয়ানের প্রতিনিধিদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। জাপানের সম্রাটের জন্মদিন উদযাপনের ওই অনুষ্ঠানে চীনা রাষ্ট্রদূত ওয়াং সুয়েফেং তাইওয়ানের প্রতিনিধি রবিন চেং ও তার স্ত্রীকে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার দাবি জানান। জাপানি দূতাবাস এই দাবি প্রত্যাখ্যান করলে চীনা রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে স্থান ত্যাগ করেন।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সিয়াও কুয়াং-ওয়েই এক সংবাদ সম্মেলনে এই ঘটনা সম্পর্কে বিস্তারিত জানান। তিনি বলেন, গত ফেব্রুয়ারি মাসে জাপানি রাষ্ট্রদূতের সরকারি বাসভবনে আয়োজিত একটি সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ২০০ অতিথি উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত চীনা রাষ্ট্রদূত ওয়াং সুয়েফেং আকস্মিকভাবে তাইওয়ানের প্রতিনিধি রবিন চেং এবং তার স্ত্রীকে অনুষ্ঠান থেকে চলে যেতে বলেন।

জাপানি কর্তৃপক্ষ চীনা রাষ্ট্রদূতের এই অযৌক্তিক দাবি মেনে নেয়নি। জাপানি রাষ্ট্রদূত হিদেকি উইয়ামা চীনা রাষ্ট্রদূতের অনুরোধ প্রত্যাখ্যান করলে ওয়াং সুয়েফেং ক্ষুব্ধ হয়ে চেং-এর দিকে আঙুল উঁচিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং রাগে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই ঘটনাকে আন্তর্জাতিক অঙ্গনে তাইওয়ানের সঙ্গে অন্যান্য দেশের সম্পর্ক সীমিত করার একটি ‘ঘৃণ্য প্রচেষ্টা’ বলে নিন্দা করেছেন। তিনি বলেন, এটি চীনের ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতির ঔদ্ধত্যপূর্ণ মনোভাবের প্রতিফলন।

জাপানি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬ ফেব্রুয়ারি আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় ২০০ জন অতিথি উপস্থিত ছিলেন। ওইদিনই এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত