ধোলাইপাড়ের হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪১ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকার একটি আবাসিক হোটেল থেকে জহিরুল ইসলাম রাকিব (২০) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।

মৃত রাকিবের বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার কাজীকান্দি গ্রামে। তার বাবার নাম সাইদুর রহমান।

যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক (এসআই) মো. ফরহাদ আলী জানান, খবর পেয়ে মঙ্গলবার বিকেল ৪টার দিকে যাত্রাবাড়ী ধোলাইপাড় রোড আয়েশামনি আবাসিক হোটেলের দ্বিতীয় তলার ২০৬ নম্বর রুমের দরজা ভেঙে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। হোটেলের বিছানার চাদর দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিলেন তিনি। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। 

অপরদিকে হোটেলের ম্যানেজার জমির উদ্দিন জহির জানান, ১৪ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে একাই ওই যুবক হোটেলে আসে। এরপর ২০৬ নম্বর রুমটি ভাড়া নেয়। সেখানে তিনি দুইদিন থাকবেন বলে জানান। ১৬ তারিখ বেলা ১২ টার দিকে তাকে চেকআউটের জন্য হোটেল ম্যানেজার দরজায় নক করলে ভেতর থেকে কোন সাড়াশব্দ পান না। পরবর্তীতে থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে। 

হোটেল ম্যানেজার আরও জানান, এ সময় পুলিশ রুম থেকে দুটি চিরকুট উদ্ধার করে। যার একটিতে লেখা ছিল ‘ এই কাগজটা  আমার মায়ের কাছে দিবেন। মা তুমি আমাকে মাফ করে দিও। তোমাদের অনেক কষ্ট দিছি আমাকে মাফ করে দিও, আর পারলে একটু দোয়া কইর-না পারলে বদদোয়া কইর না। ইতি রাকিব’

‘আমার লাশটা বাড়িতে পাঠাইয়া দিয়েন আমার মাএর কাছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত