নৌকা চুরির অভিযোগে শ্রমিককে মধ্যযুগীয় কায়দায় মারধর, ভিডিও ভাইরাল

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৪ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে নৌকা চুরির অভিযোগকে কেন্দ্র করে এক মাটি কাটার শ্রমিককে গাছে বেঁধে মারধর ও অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর শাশুড়ি আসমা বেগম আজ বুধবার দুপুরে শ্রীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে শ্রীনগরের আরধীপাড়া কানাইনগরের আমির আলী শেখের ছেলে রোমান শেখের (৩৫) সঙ্গে একই উপজেলার দিঘীরপাড় এলাকার আসমা বেগমের মেয়ে সোনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকে রোমান শ্বশুরবাড়িতেই বসবাস করছিলেন।

প্রায় দেড় মাস আগে স্থানীয় মিজানুর ও আতিকের একটি কোষা নৌকা চুরি হয়। এরপর থেকেই তারা রোমানকে সন্দেহ করতে থাকেন। অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে কানাইনগর বালুর মাঠ এলাকায় রোমানকে পেয়ে মিজানুর, আতিক, ইমরান, দিলা, ইয়ানুছ ও বিল্লাল মিলে তাকে গাছে বেঁধে মধ্যযুগীয় কায়দায় বেধড়ক মারধর করেন। পরে বিল্লালের ট্রলারে করে জোরপূর্বক আড়িয়াল বিলের দিকে নিয়ে যান।

এদিকে, বুধবার বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, রোমানকে গাছের সঙ্গে দুই হাত বেঁধে কয়েকজন ব্যক্তি বেদম মারধর করছে। চারপাশে অনেক মানুষ দাঁড়িয়ে থাকলেও কেউ তাকে উদ্ধারে এগিয়ে আসেনি।

রোমানের স্ত্রী সোনিয়া বেগম বলেন, আমার একটি মেয়ে ও একটি ছেলে রয়েছে। আমার স্বামী একদিন ধরে নিখোঁজ। ওরা মধ্যযুগীয় কায়দায় আমার স্বামীর ওপর বর্বরভাবে মেরেছে। এরপর তাকে আড়িয়াল বিলে নিয়ে গেছে। পুলিশ ও প্রশাসন দ্রুত আসামিদের আটক করে আইনের আওতায় এনে শাস্তি দিক এবং আমার স্বামীকে উদ্ধারের ব্যবস্থা করুক—এটাই আমাদের দাবি।

শাশুড়ি আসমা বেগম বলেন, ‘ঘটনার পর থেকে রোমান নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। বিবাদীরা পরিকল্পিতভাবে রোমানকে অপহরণ করেছে।’

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। বর্তমানে নিখোঁজ রোমানকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত