সম্প্রতি সৌদি আরবের সঙ্গে বৈঠক করেছে ইরান। রিয়াদে সৌদি যুবরাজের সঙ্গে বৈঠকে অর্থনৈতিক, আঞ্চলিক এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি লারিজানি।
তিনি উল্লেখ করেন, ভবিষ্যতের সহযোগিতা আরও কাঠামোবদ্ধ ও সুসংগঠিত রূপ নেবে।
রিয়াদ সফরের ফাঁকে লারিজানি জানান, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠকে অর্থনৈতিক সম্পর্ক বিশেষ গুরুত্ব পেয়েছে। বর্তমানে দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের স্তর নিম্ন পর্যায়ে রয়েছে এবং নির্দিষ্ট কিছু বাধা দূর করার প্রয়োজনীয়তা রয়েছে বলেও তিনি মনে করেন।
লারিজানি আরও জানান, দুই পক্ষ আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছে এবং অঞ্চলে স্থিতিশীলতা জোরদার করার উপায় নিয়ে মতবিনিময় করেছে।
প্রতিরক্ষা সহযোগিতার প্রসঙ্গে লারিজানি বলেন, আলোচনায় এ ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণের পথও খোঁজা হয়েছে। নির্ধারিত কার্যকরী গ্রুপগুলোর মাধ্যমে এসব প্রচেষ্টা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে এটি আরও সংগঠিত রূপ নেবে বলে তিনি আকাশ প্রকাশ করেন।
সম্প্রতি কাতারে ইসরায়েলি হামলার পর আঞ্চলিক দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন এসেছে কিনা জানতে চাইলে ইরানি কর্মকর্তা বলেন, সৌদি আরবসহ অন্যান্য আরব দেশগুলো এখন আঞ্চলিক গতিশীলতা সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেয়েছে।
লারিজানি বলেন, অঞ্চলের রাষ্ট্রগুলো এখন যেই পথ নিয়ে ইরান দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছিল সেটা টের পাওয়া শুরু করেছে। অর্থাৎ এক ধরনের অপশক্তি আঞ্চলিক স্থিতিশীলতা ব্যাহত করছে এখন তা আরও স্পষ্ট।
২০২৫ সালের ১৫ সেপ্টেম্বর লারিজানির সৌদি আরব সফরটি দুই আঞ্চলিক পরাশক্তির চলমান পরামর্শ প্রক্রিয়ার অংশ ছিল। এর আগে ২০২৫ সালের এপ্রিলে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান তেহরান সফর করেছিলেন।
